কলকাতায় এখন টিকিটের হাহাকার। আইপিএল নিয়ে সেভাবে মেতে না উঠলেও, আগামী ৫ মে কলকাতা নাইট রাইডার্স বনাম পুণে ওয়ারিয়র্স ম্যাচ ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে রাজ্য জুড়ে। কারণ অবশ্যই শাহরুখ খান বনাম সৌরভ গঙ্গোপাধ্যায় দ্বৈরথ। রবিবার ৫ মে'র ম্যাচের টিকিট কেনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়াল ইডেন চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ।
দেখুন ভিডিও
ভোর থেকেই কাউন্টারের সামনে টিকিট কাটার দীর্ঘ লাইন পড়তে থাকে। প্রায় হাজার দশেক লোক জড়ো হয়। কিন্তু খোলার মাত্র দশ মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার। এর পরই ক্ষিপ্ত জনতা বিক্ষোভ শুরু করে। বচসা শুরু হয় পুলিশের সঙ্গে। এরপর পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ। লাঠির আঘাতে কয়েক জন আহত হন।
ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়েও ফিরে যেতে হয় অনেককে। আসলে সাধারণদের জন্য এই হাইভোল্টেজ ম্যাচের বরাদ্দ খুবই কম। তিনশো টাকার টিকিট মাত্র ১৫০ টা। পাঁচশো টাকার গোটা পাঁচশো, আর ক্লাব হাউসের আপার টাওয়ার অর্থাৎ ২৪০০ টাকার টিকিট মাত্র ৫০ টা দেওয়া হল। মাত্র মিনিট কয়েক-এর মধ্যেই সব টিকিট শেষ। 'রেডিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট' নামক এক সংস্থার হাতে এবার টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছে নাইট রাইডার্স। টিকিটের চাহিদা দেখে তারা অবাক। কিন্তু ইডেনে ঢোকার এত টিকিট গেল কোথায়? সাধারণদের জন্যই বা টিকিটের বরাদ্দ এত কম কেন? এসব প্রশ্নের জবাব পাওয়া গেল না।
No comments:
Post a Comment